হায়দরাবাদে যাত্রাবিরতির পর ব্রিটিশ এয়ারওয়েজের তিন পাইলটই অসুস্থ
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, July 23, 2026
ছবি: সংগৃহীত
ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটের তিনজন পাইলটই আকাশে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। হায়দরাবাদ থেকে লন্ডন হিথ্রোগামী ফ্লাইটটিতে খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ করা হচ্ছে, যা ভারতের হায়দরাবাদে একরাতের যাত্রাবিরতির পর দেখা দেয়।
ঘটনার পর ব্রিটিশ এয়ারওয়েজের তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
দ্য সান পত্রিকার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, প্রায় ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় একজন পাইলট গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে অক্সিজেন দিতে হয়। উড়োজাহাজ অবতরণের পর তাঁর ১২ ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার হয়েছে।
বাকি দুই পাইলট অসুস্থ থাকা সত্ত্বেও উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন, তবে অবতরণের পরও তাঁদের উপসর্গ আরও বাড়তে থাকে।
ব্রিটিশ এয়ারওয়েজ তাদের বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট নিরাপত্তায় কোনো ঘাটতি হয়নি। তবে ঘটনার সঙ্গে পরিচিত একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানায়, এ বিষয়ে জরুরি তদন্ত শুরু করা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
হোটেলের স্বাস্থ্যবিধি নিয়ে অভিযোগ
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, ব্রিটিশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের দাবি, পাইলটদের যে হোটেলে রাখা হয়েছিল, সেই একই হোটেলের স্বাস্থ্যবিধি নিয়ে এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল।
অসুস্থ হয়ে পড়া পাইলট ওই হোটেলের লাউঞ্জে সকালের নাশতা ও পানীয় গ্রহণ করেছিলেন। জানা গেছে, সেখানে বাইরের একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের সরবরাহ করা বোতলজাত পানি পান করেছিলেন।
ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, "সহকর্মীদের কল্যাণ আমাদের কাছে শীর্ষ অগ্রাধিকার, এবং অসুস্থতার কিছু বিচ্ছিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমরা এই এলাকায় ক্রুদের থাকার ব্যবস্থা পর্যালোচনা করছি।"
এয়ারলাইন্সটি বর্তমানে হায়দরাবাদে ক্রুদের জন্য হোটেল বিকল্পগুলো মূল্যায়ন করছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস