হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ‘তিন পাহাড়ের গল্প—পাহাড়ি খাদ্য উৎসব ২০২৬’
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Wednesday, August 19, 2026
রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বাদ ও সংস্কৃতি তুলে ধরতে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার আয়োজন করছে ‘তিন পাহাড়ের গল্প—পাহাড়ি খাদ্য উৎসব ২০২৬’।
আগামী ১৯ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলমান এই উৎসবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সমৃদ্ধ রন্ধনশৈলী প্রদর্শিত হবে।
উৎসবের মূল আকর্ষণ সম্পর্কে হোটেলের এক্সিকিউটিভ শেফ বানেফাস গোমেজ (Banefus Gomes) বলেন, “আমরা সবসময়ই একটি ইউনিক ফেস্টিভ্যালের চিন্তা করি। ঢাকার ভোজনরসিকরা যাতে এখানে বসেই পাহাড়ের খাবারের স্বাদ নিতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা”।
তিনি আরও যোগ করেন, “আমি নিজে খাগড়াছড়ি ও রাঙামাটিতে থেকে পাহাড়ের মানুষের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা নিয়ে স্টাডি করেছি। এমনকি আমি সরাসরি পাহাড়ের স্থানীয় বাজার থেকে এই উৎসবের উপকরণগুলো সোর্স করেছি”।
এই উৎসবের বিশেষ বুফেতে থাকছে ব্যাম্বু চিকেন বিরিয়ানি, চিকেন মুন্ডি, পাহাড়ি হেবাং, বিন্নি ভাত এবং ঐতিহ্যবাহী লাকসু।
অতিথিদের জন্য পছন্দের খাবারের পরামর্শ দিতে গিয়ে শেফ বনিফাজ বলেন, “আমি দর্শকদের বলব আপনারা অবশ্যই আমাদের চিকেন মুন্ডি, লাক্সো এবং ব্যাম্বু চিকেন বা বিরিয়ানি টেস্ট করবেন। এই খাবারগুলো অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর”।
পুরো উৎসবজুড়ে হোটেল লবিতে থাকবে পাহাড়ি ঝরনা ও নান্দনিক স্টল, যেখানে পাহাড়ের কারুশিল্প ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে।
এছাড়া পরিবেশনাকে আরও প্রাণবন্ত করতে থাকবে লাইভ মিউজিক ও ঐতিহ্যবাহী পাহাড়ি নৃত্য।
উৎসবের বুফে মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,৯৯৯ টাকা (নেট)। পূবালী ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে ‘বাই ওয়ান গেট ফোর’ (B1G4) এবং অন্যান্য নির্বাচিত কার্ডে ‘বাই ওয়ান গেট থ্রি’ (B1G3) অফার।
এছাড়া অতিথিদের জন্য র্যাফেল ড্রতে থাকছে এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে ঢাকা-সিলেট-ঢাকা বিমান টিকিট এবং প্রবাসী হেলিকপ্টারের পক্ষ থেকে হেলিকপ্টারে ওড়ার রোমাঞ্চকর সুযোগ।