মন্টেনিগ্রোয় পর্যটন ফোরামে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরলেন ফারুকী
ছবি: বাংলাদেশ ট্যুরিজম বোর্ড
পর্যটনে বিনিয়োগ, আকাশপথে যোগাযোগ বাড়ানো এবং টেকসই পর্যটন উন্নয়নে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।
গত ১৩ অক্টোবর দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনিগ্রোর রাজধানী পডগোরিৎসায় একটি উচ্চপর্যায়ের পর্যটন বিনিয়োগ ফোরাম অনুষ্ঠিত হয়। সেখানে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন তিনি, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আলোচনায় মন্টেনিগ্রো, মাল্টা, বুলগেরিয়া, মালদ্বীপ, আলবেনিয়া, সাইপ্রাস ও মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরাও ছিলেন। সেখানে তিনি বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা ও বিনিয়োগের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
মন্টেনিগ্রো সরকার ও জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজমের যৌথ উদ্যোগে এ ফোরাম আয়োজন করা হয়। এতে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের পর্যটনমন্ত্রী, নীতিনির্ধারক এবং খাতসংশ্লিষ্ট নেতারা অংশ নেন।
আলোচনায় উঠে আসে পর্যটন খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা, ভ্রমণ সহজ করা, আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ, টেকসই প্রবৃদ্ধি, বিনিয়োগ ও অংশীদারত্বের মতো বিষয়।
উদ্বোধনী পর্বে বক্তব্য দেন মন্টেনিগ্রোর পর্যটনমন্ত্রী সিমোনিদা কোরদিচ, ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুওয়াইস, মালদ্বীপের ড. আবদুল্লা নিয়াজ এবং ফিলিপাইনের ডাকিলা এফ. গনজালেস।
আলোচনা শেষে 'পডগোরিৎসা ঘোষণা' (Podgorica Declaration) গৃহীত হয়। একে ফোরামের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
ফারুকী এ ফোরামে অংশ নেওয়াকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তাঁর ভাষ্য, এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ মিলেছে।