Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

পুরোনো তামার তার পরিবর্তন করতে গিয়ে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়

দাবি ট্রাম্প প্রশাসনের

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, November 15, 2026
পুরোনো তামার তার পরিবর্তন করতে গিয়ে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পুরোনো তামার তার পরিবর্তন করে ফাইবার কেব্‌ল বসানোর কাজ চলার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। এতে দেশজুড়ে উড়োজাহাজ চলাচলে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়। শুক্রবার চার ঘণ্টার জন্য দেশটির আকাশপথে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখা হয়। এতে লাখ লাখ যাত্রী ভোগান্তিতে পড়েন।


পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ ও রাডার সংকেতে সমস্যা দেখা দেয়। ঠিকাদারের ভুল অথবা ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার রাউটারে অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল।


ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান, শুক্রবার প্রায় ১২ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার নির্ধারিত ৪১ হাজার ফ্লাইটের মধ্যে আরও চার থেকে পাঁচ হাজার ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৬ হাজার ২০০ ছাড়িয়েছে।


ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে যাত্রীদের কাছে ক্ষমা চান ব্রায়ান বেডফোর্ড। তিনি বলেন, অফিস সময় শেষ হওয়ার আগেই ফ্লাইটের সময়সূচি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।


এদিকে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ভিড় দেখা যায়। অনেক যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়। টার্মিনালগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাদের। ফ্লাইটের তথ্য জানতে বিমানবন্দরে ভিড় করেন যাত্রীরা।


শন ডাফি জানান, আকাশপথ নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর কার্যক্রম পুরোপুরি সচল করার পর এফএএ আবার আকাশসীমা খুলে দেয়। দেশটির স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে উড্ডয়ন স্থগিতের নির্দেশনা তুলে নেওয়া হয়।


২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর শুক্রবার দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন স্থগিতের ঘটনা ঘটল।


স্বাভাবিক হতে সময় লাগবে


যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটির ভোক্তা বিভাগের পরিচালক টিম জনসন বলেন, যাত্রীদের নতুন করে টিকিট দেওয়া এবং অন্যান্য সেবা স্বাভাবিক করতে গিয়ে পরবর্তী সময়ে আরও কিছু বিঘ্ন ঘটতে পারে।


নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন বিমা কোম্পানির কর্মী ৪৮ বছর বয়সী লিসা বেরেইড। এএফপিকে তিনি বলেন, ‘ক্লান্ত, বিধ্বস্ত ও হতাশ। বুঝতেই পারছেন, সবকিছু একেবারে এলোমেলো হয়ে গেছে।’


একই বিমানবন্দরে অপেক্ষমাণ ৬২ বছর বয়সী প্যাট কারলেট বলেন, তাঁরা কতক্ষণ আটকে থাকবেন, তা জানেন না। হয়তো ৩৬ ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে।


অন্যদিকে নিউইয়র্ক থেকে আলবুকার্কে যাওয়ার অপেক্ষায় থাকা ৭৭ বছর বয়সী স্টিভেন রাথে বলেন, পুরো উড়োজাহাজ চলাচলব্যবস্থা এভাবে অচল হয়ে পড়বে, তা কেউ প্রত্যাশা করেন না। এটি আরও দীর্ঘস্থায়ী হয়নি, সে জন্য তাঁরা ভাগ্যবান।


আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলার চায় সরকার


উড়োজাহাজ চলাচলে এ বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রের পুরোনো বিমান চলাচল অবকাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলার তহবিল চেয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি। এ জন্য কংগ্রেসকে দ্রুত অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছেন তিনি।


তবে তাঁর এ আহ্বানের সমালোচনা করেছেন ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর ও ডেমোক্র্যাট নেতা জে বি প্রিৎজকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ট্রাম্প ও রিপাবলিকানদের নিয়ন্ত্রণেই কংগ্রেস ছিল। তারা চাইলেই এ ব্যবস্থার জন্য অর্থ বরাদ্দ দিতে পারতেন।


নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল পরিবহনমন্ত্রী শন ডাফির পদত্যাগ দাবি করেছেন। অন্যথায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে তাকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। এক্সে দেওয়া এক পোস্টে ক্যাথি হোকুল বলেন, তারা ভাগ্যবান যে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।


এদিকে বিপর্যয়ের কারণ এবং সাইবার অপরাধ থেকে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলব্যবস্থা কতটা সুরক্ষিত, তা খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।


রিপাবলিকান সিনেটর এরিক স্মিট এক্সে লিখেছেন, এ ঘটনা প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থা হালনাগাদ এবং বিমানবন্দরের অবকাঠামো নতুন করে গড়ে তোলা প্রয়োজন।


যুক্তরাষ্ট্রে আসা ও দেশটি থেকে ছেড়ে যাওয়া আন্তর্জাতিক ফ্লাইটেও এ বিপর্যয়ের প্রভাব পড়ে। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News