নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইট, চালু হলো বাণিজ্যিক কার্যক্রম
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, June 16, 2026
ছবি: সংগৃহীত
ভারতের নতুন নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। ইন্ডিগো প্রথম বিমান হিসেবে নয়াদিল্লির উপকণ্ঠে জেওয়ারে অবস্থিত এই নবনির্মিত বিমানবন্দরে অবতরণ করে।
ইন্ডিগোর ৬ই ২২৭৮ ফ্লাইটটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে সকাল ৭টা ১২ মিনিটে রওনা দিয়ে ৭টা ৫৮ মিনিটে নয়ডায় অবতরণ করে। এর মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত এই গ্রিনফিল্ড বিমানবন্দরটির পরিচালনাগত যাত্রা শুরু হলো।
এরপর সকাল ৮টা ১৯ মিনিটে বিমানবন্দর থেকে লখনউয়ের উদ্দেশে ছেড়ে যায় একটি ফ্লাইট। বিমানটিতে ছিলেন জেওয়ার এলাকার সেসব বাসিন্দা, যাদের জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার এই বিমানবন্দর নির্মাণ করেছে।
দীর্ঘদিন ধরে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর যে চাপ বহন করে আসছে, নয়ডার এই নতুন বিমানবন্দর সেই বোঝা কিছুটা লাঘব করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাড়ে চার কোটিরও বেশি মানুষের এই মহানগর অঞ্চলে আকাশপথে যাতায়াত এখন আরও সহজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরটি একটি মাল্টিমোডাল পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে বিমান, সড়ক ও অন্যান্য পরিবহন মাধ্যম একীভূত করা হয়েছে।
এশিয়ার দ্রুত বর্ধনশীল বিমান বাজারগুলোর একটিতে ব্যবসায়ী, শিক্ষার্থী ও পেশাদার যাত্রীদের জন্য নতুন এই বিমানবন্দর একটি অতিরিক্ত প্রবেশদ্বার হিসেবে কাজ করবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
সূত্র: দ্য ইকোনোমিক টাইমস