অভিবাসী ভিসা দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, May 31, 2026
আগামী ১ জুন ২০২৬ থেকে সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণের নতুন ব্যবস্থা চালু করছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস।
নতুন ব্যবস্থার আওতায় অভিবাসী ভিসা আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে অন্তত দুইবার দূতাবাসে যেতে হবে।
দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের প্রথমে ন্যাশনাল ভিসা সেন্টার (এনভিসি) নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টে উপস্থিত হতে হবে। এ সময় তাদের সব মূল সহায়ক নথি ও সেগুলোর ফটোকপি সঙ্গে আনতে হবে। পাশাপাশি দূতাবাসে যাওয়ার আগে প্রয়োজনীয় সব নথি কনস্যুলার ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন সেন্টার (সিইএসি) অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।
প্রথম সাক্ষাতে দূতাবাসের কর্মকর্তারা জমা দেওয়া নথি যাচাই করবেন, আবেদনকারীর আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করবেন এবং নথিপত্র পর্যালোচনার কাজ সম্পন্ন হয়েছে কি না তা নির্ধারণ করবেন।
যদি কোনো নথির ঘাটতি না থাকে, তাহলে আবেদনকারীকে অভিবাসী ভিসা সাক্ষাৎকারের তারিখ ও সময় উল্লেখ করে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, যা দ্বিতীয় সাক্ষাতের জন্য প্রযোজ্য হবে।
সাধারণত নথি যাচাইয়ের একই সপ্তাহে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে আবেদনকারীর পাসপোর্ট ছাড়া অন্যান্য সব মূল নথি দূতাবাসে জমা রাখা হবে। তবে সাক্ষাৎকারের দিন পাসপোর্ট অবশ্যই সঙ্গে আনতে হবে।
এরপর নির্ধারিত তারিখ ও সময়ে আবেদনকারীকে কনস্যুলার কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকার দিতে আবারও যুক্তরাষ্ট্রের দূতাবাসে উপস্থিত হতে হবে।
অন্যদিকে, প্রয়োজনীয় কোনো নথি অনুপস্থিত থাকলে আবেদনকারীকে একটি চিঠি দেওয়া হবে, যেখানে বাকি থাকা নথির তালিকা এবং সাক্ষাৎকার পুনর্নির্ধারণের নির্দেশনা উল্লেখ থাকবে। অনুপস্থিত নথি সংগ্রহ করে সিইএসি অ্যাকাউন্টে আপলোড করার পর আবেদনকারীকে অনলাইনে নিজের প্রোফাইলের মাধ্যমে সাক্ষাৎকারের নতুন সময় নির্ধারণ করতে হবে।
দূতাবাস জানিয়েছে, পুনর্নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নেওয়ার সময় আবেদনকারীকে নতুন করে জমা দেওয়া নথিসহ সব মূল নথি সঙ্গে আনতে হবে।