সিন্ডিকেটমুক্ত আটাব গড়ার অঙ্গীকারে গুলশান-বনানী জোনে গণতান্ত্রিক ফ্রন্টের মতবিনিময় সভা
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Monday, July 13, 2026
ছবি: ওহিদুজ্জামান টিটু
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) আসন্ন নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে গুলশান-বনানী জোনের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানীর হোটেল সারিনায় আটাব গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাচনী অফিস উদ্বোধনের পাশাপাশি এই সভার আয়োজন করা হয়।
সভায় আটাবের সাবেক নেতৃবৃন্দ ও গুলশান-বনানী জোনের সাধারণ সদস্যরা সংগঠনটিকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ একটি পেশাজীবী সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। অনুষ্ঠান শেষে ফ্রন্টের প্রার্থীদের বিজয় এবং ট্রাভেল ব্যবসার সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাহফুজুর রহমান।
আটাবের সাবেক সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, ছোট-বড় সব এজেন্সির অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন একটি আটাব গড়তে চান তারা। এই লক্ষ্যে ফ্রন্টের পূর্ণ প্যানেলকে বিজয়ী করতে সবার সহযোগিতা ও ভোট চেয়েছেন তিনি।
সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু বলেন, এবারের নির্বাচন সাধারণ ট্রাভেল ব্যবসায়ীদের জন্য ন্যায় প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইয়ে জয়ী হতে ফ্রন্টের প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় প্রতিপক্ষের অপপ্রচারের সমালোচনা করেন সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ। নির্বাচন ঘিরে বিভিন্ন মহল থেকে মিথ্যাচার ছড়ানো হচ্ছে জানিয়ে সদস্যদের এসব বিভ্রান্তিতে কান না দিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
ট্রাভেল খাতের বর্তমান বিশৃঙ্খলার কথা তুলে ধরে সাবেক নির্বাচন কমিশন সদস্য দিদারুল হক বলেন, যথাযথ তদারকির অভাবে সাধারণ দোকানদাররাও এখন এয়ার টিকিট বিক্রি করছে, যা খোলা বাজার অর্থনীতিকে প্রভাবিত করছে। একটি বিশেষ মহল আটাব দখল করে পুরো ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন এবং এই প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান।
আটাব ও হাব-এর সাবেক সহ-সভাপতি এবং এবারের নির্বাচনে আটাব গণতান্ত্রিক ফ্রন্টের প্যানেল প্রধান এ.এস.এম ইব্রাহীম ফ্রন্টের সব প্রার্থীর সাফল্য কামনা করে ভোটারদের কাছে সমর্থন চান। এ সময় উপস্থিত সদস্যরা হাত তুলে ফ্রন্টের প্রতি পূর্ণ সমর্থন জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ইসি সদস্য শাহআলম কবির, মহাসচিব প্রার্থী মোঃ সফিক উল্লাহ নান্টু, সাবেক ইসি সদস্য আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা হায়াতুন নবী মজুমদার, সহসভাপতি প্রার্থী দিদারুল হক এবং অর্থসচিব প্রার্থী গোলাম আজম সৈকত।
এছাড়াও সাধারণ সদস্যদের মধ্যে জনাব কবির , মাহমুদ, জাহাঙ্গীর, ইমাম, সালাহউদ্দিন, পলাশ, মনিরুল ইসলাম সরকার, দেলোয়ার সহ বিপুল সংখ্যক সদস্য ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে আবদুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহসহ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন নির্বাচন বোর্ড বাতিল করলেও সাধারণ সদস্যদের মধ্যে ফ্রন্টের পক্ষে ব্যাপক সমর্থন লক্ষ্য করা গেছে।