এমিরেটস স্কাইকার্গোর বহরে প্রথম কনভার্টেড বোয়িং ৭৭৭-৩০০ইআর
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, July 07, 2026
ছবি: এমিরেটস
ই-কমার্স ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে বিশ্বব্যাপী পণ্য পরিবহনের চাহিদা মেটাতে বহর সম্প্রসারণের অংশ হিসেবে নিজেদের প্রথম কনভার্টেড বোয়িং ৭৭৭-৩০০ইআর স্পেশাল ফ্রেইটার (777-300ERSF) উন্মোচন করেছে এমিরেটস স্কাইকার্গো।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুবাইভিত্তিক এই কার্গো পরিবহন সংস্থাটি জানায়, A6-EBK নিবন্ধন নম্বরের উড়োজাহাজটি ইতিমধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে এবং দুবাই হয়ে বিভিন্ন দেশে পণ্য পরিবহন করছে।
এই কনভার্টেড বোয়িং ৭৭৭-৩০০ইআর স্পেশাল ফ্রেইটারটি কারখানায় নতুন তৈরি ফ্রেইটারের মতো নয়, এই উড়োজাহাজটি আগে যাত্রী পরিবহনে ব্যবহৃত একটি বোয়িং ৭৭৭-৩০০ইআর থেকে কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে কার্গো উড়োজাহাজে রূপান্তর করা হয়েছে।
সংস্থাটি জানায়, যাত্রীবাহী উড়োজাহাজটিকে সম্পূর্ণ কার্গো উড়োজাহাজে বদলাতে কয়েক মাস ধরে অনেক কাজ করতে হয়েছে। তবে এই পরিবর্তনের পরও উড়োজাহাজটির উড্ডয়ন ক্ষমতা, কাঠামোগত মজবুতি ও নিরাপত্তা আগের মতোই রয়েছে।
এমিরেটস স্কাইকার্গো জানায়, এই পরিবর্তনের মধ্যে ছিল যাত্রী কেবিন সরিয়ে ফেলা, বড় একটি কার্গো দরজা বসানো, ভারী মালামাল বহনের উপযোগী করে ফ্লোর ও কাঠামো মজবুত করা।
উড়োজাহাজটিতে বসানো হয়েছে যন্ত্রচালিত কার্গো লোডিং ব্যবস্থা, ধোঁয়া শনাক্ত করার ও আগুন নেভানোর ব্যবস্থা, ওষুধ ও পচনশীল পণ্যের মতো তাপমাত্রা-সংবেদনশীল মালামাল বহনের জন্য উন্নত তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, এবং দীর্ঘ সময় কার্গো পরিবহনের জন্য ক্রুদের বিশ্রামের বাড়তি ব্যবস্থা।
এমিরেটস জানায়, কার্গো পরিবহনের জন্য দরকারি বাড়তি পরিবেশ ও নিরাপত্তা নিয়ন্ত্রণ যোগ করতে ফ্লাইট ডেকেও পরিবর্তন আনা হয়েছে।
ফ্লাইট শুরুর আগে এই রূপান্তরিত উড়োজাহাজটি বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে গেছে, যেখানে এর কাঠামো, আগুন থেকে সুরক্ষা, যন্ত্রপাতির নির্ভরযোগ্যতা ও উড্ডয়ন ক্ষমতা যাচাই করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এমিরেটস আরও জানায়, কাজ শুরুর আগে উড়োজাহাজটিতে এমিরেটস স্কাইকার্গোর নতুন রঙ ও লোগো ব্যবহার করা হয়েছে।
কার্গো বহর বাড়ানোর ধারাবাহিকতায় এই কনভার্টেড উড়োজাহাজ যুক্ত করা হলো। সংস্থাটি জানায়, চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত ছয়টি নতুন বোয়িং ৭৭৭ কার্গো উড়োজাহাজ ও একটি কনভার্টেড উড়োজাহাজ বহরে যুক্ত হয়েছে। ২০২৬ সালের শেষ নাগাদ আরও চারটি নতুন বোয়িং ৭৭৭ কার্গো উড়োজাহাজ ও আরেকটি কনভার্টেড উড়োজাহাজ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে ছয়টি মহাদেশের ১৫০টিরও বেশি জায়গায় সেবা দিচ্ছে এমিরেটস স্কাইকার্গো। সংস্থাটি জানায়, এই বাড়তি সক্ষমতা বিশ্বব্যাপী পণ্য সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং গ্রাহকদের কার্গো পরিবহনে বাড়তি সুবিধা দেবে।