জি-টু-জি চুক্তিতে কেসি-৩৯০ ও সুপার টুকানো বিক্রি করবে এমব্রায়ের
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, November 26, 2026
ব্রাজিলের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ের ও দেশটির সরকারি প্রতিষ্ঠান আলাদা (এএলএডিএ) একটি চুক্তি করেছে। এর আওতায় সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের কাছে কেসি-৩৯০ মিলেনিয়াম পরিবহন উড়োজাহাজ ও এ-২৯ সুপার টুকানো উড়োজাহাজ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
এমব্রায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত মোস্ত্রা বিআইডি প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীতে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি সই হয়। এর মাধ্যমে লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে উড়োজাহাজ বিক্রির সম্ভাবনা যাচাই ও ব্যবসার সুযোগ তৈরির বিষয়ে একমত হয়েছে প্রতিষ্ঠান দুটি।
এর আগে চলতি বছরের এপ্রিলে ফিদাই এয়ার শোতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এরপর থেকে সরকার-টু-সরকার চুক্তির মাধ্যমে উড়োজাহাজ বিক্রির সম্ভাবনা নিয়ে যৌথভাবে কাজ শুরু করে তারা।
এমব্রায়ের ডিফেন্স অ্যান্ড সিকিউরিটির চুক্তিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ফাবিও কাপারিকা বলেন, এই চুক্তির ফলে সরকার-টু-সরকার পদ্ধতিতে প্রতিরক্ষা সরঞ্জাম কেনে, এমন দেশগুলো এমব্রায়েরের উড়োজাহাজ কেনার সুযোগ খতিয়ে দেখতে পারবে। পাশাপাশি লাতিন আমেরিকা ও আফ্রিকায় নতুন ব্যবসার সুযোগ তৈরি হবে।
এএলএডিএর প্রেসিডেন্ট সার্জিও রবার্তো দে আলমেইদা বলেন, ব্রাজিলে সরকার-টু-সরকার পদ্ধতিতে উড়োজাহাজ বিক্রির উদ্যোগ এগিয়ে নিতে এই চুক্তি গুরুত্বপূর্ণ। এর ফলে ভবিষ্যতে কেসি-৩৯০ ও এ-২৯ উড়োজাহাজ বিক্রির সুযোগ তৈরি হবে। পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি ব্রাজিলের কৌশলগত স্বার্থ ও প্রতিরক্ষা শিল্পের বিষয়গুলো বিবেচনায় রাখা হবে।
এমব্রায়ের জানিয়েছে, কেসি-৩৯০ মিলেনিয়াম উড়োজাহাজটি ইতিমধ্যে পর্তুগাল, হাঙ্গেরি, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, উজবেকিস্তান, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, স্লোভাকিয়া, কলম্বিয়া, লিথুয়ানিয়া ও গ্রিসের বিমানবাহিনী নির্বাচন করেছে।
অন্যদিকে এ-২৯ সুপার টুকানো উড়োজাহাজটি প্রশিক্ষণ, নজরদারি, অনুসন্ধান, সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনায় ব্যবহার করা যায়। অবকাঠামোগত সুবিধা কম থাকলেও কঠিন পরিবেশে উড়োজাহাজটি পরিচালনা করা সম্ভব।
এএলএডিএ ব্রাজিলের একটি সরকারি প্রতিষ্ঠান। এটি ন্যাভ ব্রাজিলের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। ব্রাজিলের মহাকাশ কর্মসূচি ও জাতীয় মহাকাশ এবং উড়োজাহাজশিল্পের উন্নয়নে সহায়তা করার জন্য প্রতিষ্ঠানটি গঠন করা হয়েছে।