ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটে ভয়াবহ টার্বুলেন্স, আহত ১০
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, May 25, 2026
ব্রিসবেন থেকে হংকংগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে তীব্র এয়ার টার্বুলেন্সে ১০ জন যাত্রী ও ক্রু সদস্য আহত হয়েছেন। শনিবার ফ্লাইট ১৫৬-এ এ ঘটনা ঘটে।
ফ্লাইটে থাকা এক যাত্রী জানান, হঠাৎ বিমানটি প্রায় দুই সেকেন্ডের জন্য তীব্রভাবে নিচে নেমে যায়, যা তার কাছে "ড্রপ টাওয়ার থেকে মুক্তভাবে পড়ে যাওয়ার" মতো মনে হয়েছে। এ সময় যাত্রীরা চিৎকার করতে থাকে এবং বিমানের ভেতরে জিনিসপত্র ছিটকে পড়ে।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ঘটনাটি অবতরণের দুই ঘণ্টা আগে ঘটে, ঠিক যখন কেবিন ক্রু ইকোনমি ক্লাসে খাবার পরিবেশন করতে যাচ্ছিলেন।
ক্যাথে প্যাসিফিক জানিয়েছে, আহতদের মধ্যে দুইজন অস্ট্রেলিয়ান নাগরিক রয়েছেন। ছয়জন কেবিন ক্রু এবং চারজন যাত্রী সামান্য আহত হন, যাদের মধ্যে আটজনকে হংকংয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানটি অবতরণের পর মেডিকেল টিম আহতদের প্রাথমিক সেবা প্রদান করে।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে বিমানের ভেতরে ছাদ থেকে অক্সিজেন মাস্ক ঝুলতে দেখা গেছে, মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে খাবার এবং একজন নারী কর্মী অ্যাম্বুলেন্স ট্রলিতে বসে চোখ মুছছেন।
বিশেষজ্ঞরা জানান, এ ধরনের ঘটনার জন্য দায়ী মূলত ক্লিয়ার-এয়ার টার্বুলেন্স, যা জেট স্ট্রিমের কাছাকাছি উচ্চ উচ্চতায় দুটি বায়ুপ্রবাহ ভিন্ন গতিতে চলার কারণে সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে যুক্তরাজ্য থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে তীব্র টার্বুলেন্সে একজন ব্রিটিশ যাত্রী নিহত এবং কয়েক ডজন আহত হন, সেই ফ্লাইটে ৫০-এরও বেশি অস্ট্রেলিয়ান যাত্রী ছিলেন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট/নাইন নিউজ