শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু ফিরতি ফ্লাইট
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, May 29, 2026
তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে আজ (শুক্রবার) শেষ হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে এবার হাজিদের দেশে ফেরার পালা। আজ রাত থেকেই শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট।
শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সৌদির স্থানীয় সময় রাত ১২ টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর প্রথম ফিরতি ফ্লাইট উড্ডয়ন করবে। সাউদিয়া এয়ারলাইন্সের এসভি ৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হচ্ছে হাজীদের দেশে ফেরার এই যাত্রা। প্রথমদিনে ১৩ টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫৪৩৪ জন হাজী। ১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।
গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি যায় ২১ মে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এবছর সৌদি সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী পরিবহন মসৃন করার জন্য এয়ারলাইন্সের সাথে আলোচনা করে নেয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে কোনরূপ সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে আসতে পেরেছে।